সীমান্তে পাঁচ দিন ধরে নারী আটকে আছেন খোলা আকাশের নিচে

বাংলাদেশ ও ভারতের সীমান্তে, পিলার ১০৭৬ সংলগ্ন শূন্যরেখায় পাঁচ দিনের বেশি সময় ধরে আটকে আছেন একজন নারী। দুই দেশের কোনো পক্ষই তাকে নিজের ভূখণ্ডে নেওয়ার অনুমতি দেয়নি। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখায় সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির মাঝেই রয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ১৪ নভেম্বর দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ওই নারীকে ওই অবস্থানে দেখতে পাওয়া গেছে। তিনি মাঝে মাঝে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় সীমান্তরক্ষকরা বাধা দেন, আবার কখনও ভারতের দিকে এগোনোর চেষ্টা করলেও বাংলাদেশি বিজিবি তাকে প্রবেশ করতে দেয়নি।

স্থানীয়রা জানান, ওই নারী তীব্র রোদ ও রাতের ঠাণ্ডা সহ্য করে খোলা আকাশের নিচে সময় কাটাচ্ছেন। গত ১০ নভেম্বর সকালে ভারতের বিএসএফ তাকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় পুশইন করে ফেরত পাঠায়। পরে বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেননি এবং অসংলগ্ন কথা বলছেন। এরপর থেকে তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন।

পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘‘ওই নারী খুব দুর্ভোগে আছেন। পাঁচ দিন ধরে তার মাথার ওপর কোনো ছাউনি নেই, দিনে রোদ পোহাতে হচ্ছে, রাতে ঠাণ্ডায় থাকতে হচ্ছে। আমরা সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে পানি ও খাবার দিয়ে থাকি, তবে একজন মানুষের বাঁচার জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা দরকার। দ্রুত মানবিক সমাধান প্রয়োজন।’’

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ‘‘ভারতীয় বিএসএফ ওই নারীকেই অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা এখন তা স্বীকার করছে না। আমরা বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছে ওই নারী তাদের নয়।’’ তিনি আরও বলেন, ‘‘বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।’’

All Categories