সীমান্তবর্তী ৮ জেলা দিয়ে ১০৪ জনকে ‘পুশ ইন’ করল ভারত
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের ১০৪ বাংলাদেশি নাগরিককে পাঁচটি সীমান্তবর্তী জেলা দিয়ে বাংলাদেশে ‘ঠেলে’ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব জেলা হলো—পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা ও খাগড়াছড়ি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। এদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। কেউ কেউ ২০০৭ সাল থেকে সেখানে ছিলেন এবং মূলত ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পঞ্চগড়: শিশু ও নারীদের নিয়ে ২১ জন
ভোররাতে পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ২১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ১৪ জন শিশু, ছয় নারী ও একজন যুবক রয়েছেন। আটক ব্যক্তিদের বাড়ি খুলনা ও নড়াইল জেলায়।
বিজিবি নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ভারতের গুজরাটে বসবাস করা এসব নাগরিককে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দেয়।
বিষয়টি নিয়ে পতাকা বৈঠক আহ্বান করলে বিএসএফ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে। বৈঠকে প্রোটোকল না মানায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে।
লালমনিরহাট: রাতের আঁধারে ২০ জন
বুধবার রাতে পাটগ্রাম উপজেলার ধবলসুটি ও ঝালাঙ্গী সীমান্ত দিয়ে ১১ নারী, দুই পুরুষ ও সাত শিশুকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি ৬১ ব্যাটালিয়নের ধবলসুটি বিওপির নায়েক সুবেদার আব্দুল মতিন জানান, তাঁদের উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, তাঁদের পরিচয় ও ফিরে আসার কারণ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার: কুড়িগ্রামের সাতজন ফিরলেন
আজ সকালে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে কুড়িগ্রামের সাতজন—দুই পুরুষ, দুই নারী ও তিন শিশু বাংলাদেশে ফিরে আসেন। বিজিবির ৪৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানান, যাচাই শেষে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী: এক রাতে ফিরলেন ৩৯ জন
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে গত রাতে বিএসএফ ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠায়। তাঁদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বিজিবি সূত্রে জানা গেছে, কাগজপত্র যাচাইয়ের পর ২৪ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে, বাকি ১৫ জনের প্রক্রিয়া চলছে।
ফেনীর ডিসি সাইফুল ইসলাম জানান, এসব ব্যক্তির বেশিরভাগই দীর্ঘদিন ধরে ভারতে ইটভাটায় কাজ করতেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।
কুমিল্লা: সাত শিশুসহ ১৩ জন
আজ সকালে কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত দিয়ে তিন পুরুষ, তিন নারী ও সাত শিশু বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি ১০ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আলী ইজাজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিএসএফ জোর করে তাঁদের সীমান্ত পার করেছে।
ঠাকুরগাঁও ও দিনাজপুর: দালালের খপ্পরে পড়া চারজন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত দিয়ে চারজন বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা জানান, দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে গুজরাটে পাঁচ থেকে দশ বছর ছিলেন।
খাগড়াছড়ি: রামগড় সীমান্তে ৫ জন
আজ ভোরে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ফেরত আসা পাঁচজনকে আটক করেছে বিজিবি। ইউএনও ইসমত জাহান জানান, তাঁরা হরিয়ানার একটি ইটভাটায় কাজ করতেন। তাঁদের আপাতত আশ্রয় দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নয়াদিল্লি চিঠির মাধ্যমে জানিয়েছে, ভারতে দুই হাজারের বেশি বাংলাদেশি অনিবন্ধিতভাবে অবস্থান করছেন। বাংলাদেশি নাগরিকদের জোর করে পাঠানোয় বাংলাদেশ আপত্তি জানিয়েছে।
তিনি বলেন, ‘এ ধরনের ঠেলে দেওয়া আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিলম্ব হলেও, জোর করে পাঠানো সমাধান হতে পারে না।’