সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার, আহতদের অবস্থান
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন তারা।
মঙ্গলবার (১৯ াাগস্ট) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রা মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থানকারীরা স্লোগান দেন— “পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি।
শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম অভিযোগ করেন, এক বছর পরেও বিচার না হওয়ায় সরকার ‘তামাশা’ করছে। শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল ও শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিনও একই দাবি জানান। আহত আমিনুল ইসলাম বলেন, আহতরা যদি আবার রাস্তায় নামে, তাহলে এর পরিণাম ভালো হবে না।
এর আগে পুলিশ মিছিলকারীদের সচিবালয়ের দিকে যেতে বাধা দেয়। এসময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। শহীদ আহনাফের মা সাফাত সিদ্দিকী অভিযোগ করেন, পুলিশ তাঁদের লাথি ও গালিগালাজ করেছে।
এ বিষয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, তাঁদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে অবরোধের কারণে ভোগান্তি বাড়ছে। পুলিশের আঘাতের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।