শাটডাউন কর্মসূচি চললেও, বৈঠক হবে না: অর্থ উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার (২৯ জুন) কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।
তিনি আরও জানান, এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আজকের নির্ধারিত বৈঠক না করার সিদ্ধান্ত হয়েছে। এমনকি ১ জুলাই বিকেল ৪টায় যে বৈঠকের সময় নির্ধারিত রয়েছে, সেটিও আদৌ হবে কি না, তা নিয়েও পরে সিদ্ধান্ত হবে।
এর আগে এনবিআরের একটি সূত্র জানিয়েছিল, চলমান অচলাবস্থা নিরসনে আজ বিকেলে অর্থ উপদেষ্টার কার্যালয়ে আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠকে বসবে। ওই বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারের।
চলমান আন্দোলনের ফলে দেশের প্রধান বন্দরগুলোয় আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কনটেইনার ডেলিভারি, মূল্যায়ন ও কাস্টমস ক্লিয়ারেন্স বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকেও সমঝোতার চেষ্টা চলছে। রোববার দুপুরে রাজধানীতে একটি চেম্বার কার্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্জিত অগ্রগতি সাপেক্ষে অর্থ উপদেষ্টার সঙ্গে পরবর্তী আলোচনা হতে পারে।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ১২ মে জারি হওয়া এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। গত ২৫ মে অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও ২২ জুন থেকে আবারও আন্দোলনে ফেরেন কর্মকর্তারা।