সারজিস আলমকে আদালত অবমাননার লিগ্যাল নোটিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালত সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন এ নোটিশ পাঠান। ডাকযোগ ছাড়াও সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সংবাদ সম্মেলন করে দেশের জনগণের কাছেও ক্ষমা চাইতে হবে দুই ঘণ্টার মধ্যে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, গত ২২ মে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে সারজিস আলম আদালতের নিরপেক্ষতা এবং বিচারকদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীলীগারের জামিন হয়ে যায়, অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?

পোস্টে আরও বলা হয়, প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না। এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে?
নোটিশে অভিযোগ করা হয়, হাইকোর্টে একটি রিট খারিজের রায় ঘোষণার পরপরই সারজিস আলম ওই পোস্ট করেন। এতে আদালতের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং সেটি গণমাধ্যমেও উঠে এসেছে। এ মন্তব্যের মাধ্যমে তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, বিচার বিভাগের প্রতি অবমাননাকর আচরণ করেছেন।