সারাদেশে মহাসমারোহে পালিত হচ্ছে ঈদুল আজহা

সারা দেশে ধর্মপ্রাণ মুসলিমরা উদযাপন করছেন পবিত্র ঈদুল আজহা। 

বিশ্বের বিভিন্ন প্রান্তে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। এ উপলক্ষে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা। এরপরই মুসলিম উম্মাহ ঈদের জামাতে নামাজ আদায় করে কোরবানি দেন। কেউ কেউ ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানির কাজ সম্পন্ন করতে পারবেন।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ ইউরোপ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার অনেক দেশের মুসলিম সম্প্রদায় গতকাল শুক্রবার (৬ জুন) ঈদ উদযাপন করেছেন। বাংলাদেশে ঈদ উদযাপিত হচ্ছে আজ।

ঈদুল আজহার জামাতে অংশ নিতে দেশের বড় বড় ঈদগাহগুলোতে মুসল্লিদের ঢল নামে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ দেশের সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে পরিচিত, যেখানে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। দিনাজপুরের গোর এ শহীদ ময়দানও লাখো মানুষের উপস্থিতিতে ভরে ওঠে।

এবার ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, আর পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় হবে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বেড়ে যেতে পারে। শুক্রবার (৬ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী পাঁচদিনের পূর্বাভাসে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মুসল্লিদের বৈরি আবহাওয়া থেকে সুরক্ষিত থাকতে এবং ঈদের আনন্দ উপভোগে সচেতনতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

All Categories