শান্ত ও মুমিনুলের ব্যাটে ভর করে এগোচ্ছে টাইগাররা
সিলেট টেস্টের প্রথম দিনই চাপে পড়ে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ভালো সূচনা করেও হঠাৎ দুই ওপেনার ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগে। তবে সেই ধাক্কা সামাল দিয়ে দলকে টেনে তোলার চেষ্টায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
রোববার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম শুরুটা ভালোই করেছিলেন। প্রথম উইকেটে আসে ৩১ রান।
কিন্তু এরপর হঠাৎ ছন্দপতন। মাত্র ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুই ওপেনারই। সাদমান ২৩ বলে ১২ আর জয় ৩৫ বলে ১৪ রান করেন।
তবে ইনিংস ধসের আশঙ্কা দূরে ঠেলে দায়িত্বশীল ব্যাটিং করেন শান্ত ও মুমিনুল। কোনো ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে রানের চাকা সচল রাখেন তাঁরা। জিম্বাবুয়ের বোলারদের চাপও সামলে নিয়েছেন ভালোভাবে।
মধ্যাহ্ন বিরতির আগে ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। শান্ত ৩০ ও মুমিনুল ২১ রানে ব্যাট করছেন।