শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক এম শামীম হাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ৬৯ লাখ ১ হাজার ৪১৬ টাকা জমা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি এম শামীম হাশেমের বিরুদ্ধে ১০ কোটি ৮৩ লাখ টাকা সঙ্গতিবিহীন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে আসামি এম শামীম হাশেম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রতীয়মান হয়।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি এম শামীম হাশেম ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।