শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসির কবলে
প্রেক্ষাগৃহে যখন সাফল্যের সঙ্গে চলছে শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘তাণ্ডব’, তখনই বড় ধাক্কা খেল ছবির প্রযোজনা সংস্থা। মুক্তির এক সপ্তাহ পেরোনোর আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড এইচডি সংস্করণ।
বুধবার বিকেল থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে সিনেমাটির সম্পূর্ণ কপি। ফেসবুকের একাধিক গ্রুপ ও পেজে পোস্ট করা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য কিংবা অংশবিশেষের ফুটেজ। নির্মাতাদের একাধিকবার সতর্কতা সত্ত্বেও থামানো যায়নি এই অবৈধ কর্মকাণ্ড।
ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো সূত্র থেকে সিনেমাটি ফাঁস হয়েছে। কারণ, সম্প্রতি বিদেশের কিছু প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি পরিচালক রায়হান রাফী।
‘তাণ্ডব’ রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে এই জুটি কাজ করেছিল ‘তুফান’ ছবিতে, যা সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
তাণ্ডব’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। একদিকে সিঙ্গেল স্ক্রিনে দর্শকের উপচে পড়া ভিড়, অন্যদিকে মাল্টিপ্লেক্সে একের পর এক হাউসফুল শো। বাণিজ্যিক ঘরানার ছবিতে প্রয়োজনীয় সব উপাদান থাকায় দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমাটি।
শাকিব খানের পাশাপাশি এতে অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েতসহ আরও অনেকে।
সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এমন পাইরেসি শুধু নির্মাতাদের অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং দেশীয় চলচ্চিত্র শিল্পের ওপরও এর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ে। পাইরেসি রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।