Mar 24, 2025
সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিলো আদালত

সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিলো আদালত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নতুন একটি মামলা হয়েছে। চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা এই মামলায় সাকিবের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত শুরুর পর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তদন্তের পর বিএফআইইউ সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ করে, যার নির্দেশ সরকার দিয়েছিল।

সাকিব আল হাসান সম্প্রতি মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় একটি হত্যা মামলায় নাম ওঠে সাকিবের বিরুদ্ধে। এর পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে তার পরিবারসহ রয়েছেন।

All Categories