সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বর্তমানে তাঁর মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক সংকটকালে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা ধরে রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
চাকরি জীবনে এটিএম শামসুল হুদা ছিলেন একজন ক্যারিয়ার আমলা। ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০০০ সালে তিনি অবসর গ্রহণ করেন।