সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন। 

রবিবার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে থাইল্যান্ড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাত তিনটার দিকে বিমানবন্দর ত্যাগ করেন ।

গণমাধ্যমসূত্রে জানা গেছে  আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে ফেরেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে নামানো হয়।

এর আগে, ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে দেশ ছাড়েন আবদুল হামিদ। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে কিশোরগঞ্জে দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে তার বিদেশে পাড়ি জমানো নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের নাম রয়েছে। মামলাটি গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় দায়ের হয়।

এ ঘটনার জেরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার বা সাময়িক বরখাস্তও করা হয়েছে।

All Categories