সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আটক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। এরপর দীর্ঘদিন তিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের শেষ দিকে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় তিনি প্রকাশ্যে আসেননি।

All Categories