রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বার জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ প্রদান করেছে।
মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। জাতীয় সঞ্চালন লাইনের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরীক্ষামূলক এই সরবরাহের পরিকল্পনা ১০ থেকে ২৪ ঘণ্টার ছিল, যা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত থাকে।
এই অর্জন বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি এনপিসিবিএলের প্রযুক্তিগত দক্ষতা ও পরিচালন ক্ষমতার প্রমাণ বলে প্রকল্প সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর ইউনিটটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা বিশ্লেষণ করা হচ্ছে। এনপিসিবিএল পরবর্তী পরিচালন নীতিমালা এই বিশ্লেষণের ওপর নির্ভর করে নির্ধারণ করবে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, "দ্বিতীয়বার জাতীয় গ্রিডের সঙ্গে সফল সংযুক্তি ও ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা আমাদের জন্য গর্বের বিষয়। এটি আমাদের পরিচালন দক্ষতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান সহযোগীদের মিলিত প্রচেষ্টার ফলাফল।"
তিনি আরও জানান, "আমরা নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।"
ড. জাহেদুল হাসান এ অর্জনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সম্পূর্ণ চালু হলে এটি দেশের বিদ্যুৎ উৎপাদনের বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।