রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চান প্রধান উপদেষ্টা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ান সভাপতির দায়িত্ব দেশটিকে একটি অনন্য অবস্থান দিয়েছে। মালয়েশিয়া যদি আলোচনায় তাদের প্রভাব খাটায়, তবে সংকট সমাধানের পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
তিনি সতর্ক করে বলেন, রাখাইনে চলমান সংঘাতের কারণে গত ১৮ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র তহবিল বন্ধ করে দেওয়ায়।
ইউনূস জানান, আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে স্থায়ী সমাধান খোঁজা হবে। প্রথমটি এ মাসের শেষে কক্সবাজারে, দ্বিতীয়টি সেপ্টেম্বরে জাতিসংঘে, আর তৃতীয়টি বছরের শেষে দোহায়।
মালয়েশিয়া এখনো শরণার্থী কনভেনশনের সদস্য না হলেও মানবিক কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে।
রোহিঙ্গা সংকটের সূত্রপাত ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানের পর, যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।