রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, বিভক্ত রাজনৈতিক বাস্তবতা এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়ার প্রেক্ষাপটে বর্তমানে তাদের প্রত্যাবাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন: আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব এবং ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে, তবে তা নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই।

তৌহিদ হোসেন বলেন, বর্তমানে মিয়ানমারে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে যেই নির্যাতন থেকে রোহিঙ্গারা পালিয়ে এসেছে, তাদের আবার সেই অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া অনৈতিক হবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে এসেছে। কিন্তু আমরা এখনও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারিনি। দ্বিপক্ষীয় উদ্যোগে ও কাজ হচ্ছে না আমরা আগেই সতর্ক করেছিলাম। এখন এটি প্রমাণিত বাস্তবতা।

মিয়ানমারে টেকসই সমাধান আনতে হলে দেশটির তিন মূল পক্ষ সামরিক জান্তা, আরাকান আর্মি ও জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এই তিন পক্ষকেই আলোচনায় যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন তৌহিদ হোসেন। বিশেষ করে রাখাইনের বাস্তব নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মিকে সমাধান প্রক্রিয়ায় অংশীদার করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ থাকা উচিত বলে মত দেন উপদেষ্টা। তিনি বলেন, মিয়ানমারে অবশ্যই বাস্তব ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে হবে, যার আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে। তবে এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মনোযোগ জরুরি।

তিনি আরও বলেন,রোহিঙ্গা সংকট যেন বিশ্ব থেকে হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যথায় সংকট শুধু দীর্ঘায়িতই হবে না, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

All Categories