রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার দপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, রোববার (২৫ মে) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই মাসের সম্ভাব্য গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন উপদেষ্টা ফোন করে জানিয়েছেন, আগামীকাল সর্বদলীয় বৈঠক হবে, সেখানে আমি থাকতে পারব কি না জানতে চেয়েছেন। বৈঠকটি বিকেল ৫টা থেকে শুরু হতে পারে।

এদিকে শনিবার রাতেই পৃথকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা।

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে। দুটি বৈঠকই অনুষ্ঠিত হবে যমুনায়।

All Categories