রিয়াল ছাড়ছেন আনচেলত্তি, ব্রাজিল দলের ডাগআউটে বসার অপেক্ষায়

দীর্ঘদিনের জল্পনা অবশেষে সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে বসতে যাচ্ছেন। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইতালিয়ান এই কোচ ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এর সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। এখন অপেক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিক চুক্তি ও ঘোষণার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, আনচেলত্তি চলতি মে মাসেই রিয়াল ছাড়তে পারেন। লা লিগায় রিয়ালের মৌসুম শেষ হবে ২৫ মে। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষের পরই সমঝোতার ভিত্তিতে বিদায় নেবেন তিনি। এ ক্ষেত্রে, গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে তাকে দেখা যাবে না।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্ব শুরু হবে আগামী জুনে। সেই টুর্নামেন্ট থেকেই আনচেলত্তি দায়িত্ব নিতে চলেছেন ব্রাজিল দলের কোচ হিসেবে।

আগামী ১৮ মে-তে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। আনচেলত্তি তখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্বে না থাকলেও, দলে কারা থাকবেন সে বিষয়ে তার মতামত নেওয়া হচ্ছে বলেই দাবি করছে ব্রাজিলীয় সংবাদমাধ্যম।

বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বছরে ১১ মিলিয়ন ইউরো বেতন পান আনচেলত্তি। চুক্তির মেয়াদ থাকলেও, রিয়াল মাদ্রিদ তাকে সম্পূর্ণ মৌসুমের বেতন পরিশোধ করবে। এমনকি কোনো প্রকার চুক্তি ভঙ্গ ক্ষতিপূরণও দাবি করবে না ক্লাব।

ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ চাইছেন, আনচেলত্তিকে শুভেচ্ছাদূতের মর্যাদা দিয়ে সম্মানজনকভাবে বিদায় জানাতে।

ব্রিটিশ ক্রীড়া চ্যানেল স্কাই স্পোর্টস জানিয়েছে, আসন্ন এল ক্লাসিকো-র পরই আনচেলত্তি তার মাদ্রিদ অধ্যায়ের ইতি টানবেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে মে মাসের শেষদিকে।

All Categories