রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়
কোরবানির ঈদকে সামনে রেখে পদ্মা সেতু হয়ে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। এরই মধ্যে সেতুতে টোল আদায়ে গড়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে পারাপার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন। একই সময়ে আদায় করা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল, যা পদ্মা সেতু চালুর পর এখন পর্যন্ত সর্বোচ্চ।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
সেতু কর্তৃপক্ষ জানায়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন। এতে আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা টোল। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৬ হাজার ৫০২টি গাড়ি, যেখানে আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।
এর আগে, ২০২৩ সালের ঈদুল ফিতরে একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। চলতি বছরের ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এবার সেই রেকর্ড অতিক্রম করল এবারের ঈদযাত্রা।
পদ্মা সেতু চালুর পর ঈদসহ বড় ছুটির সময় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এখন সহজেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারছেন।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়া দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু নির্মিত হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতু দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।