রাজনীতিবিদ-আমলা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক: জ্বালানি উপদেষ্টা
দেশে দুর্নীতি বন্ধ হোক এমনটা রাজনীতিবিদ ও আমলারা কেউই চান না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির বাজেটসংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির বলেন, অপচয়ের কোনো সীমা নেই। দুর্নীতি, অপচয় আর অদক্ষতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়। পানির উৎস থেকে ছয় কিলোমিটার দূরে কেবল একজন মন্ত্রীর সুবিধার্থে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজন ছাড়াই রাস্তা নির্মাণ, অব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অর্থের অপচয়—এসব ঘটেছে বছরের পর বছর ধরে।
তিনি বলেন, আমরা চাই না আত্মীয়স্বজনকে চাকরি দিয়ে বা ব্যবসায়িক সুবিধা দিয়ে কাজ হোক। অন্তর্বর্তী সরকারের সময় এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক উদাহরণ হবে।
বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, নিজস্ব গ্যাসের মজুত কমে আসায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। এতে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। তাই সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব।
তিনি জানান, ছাদের সৌর প্যানেল বসিয়ে বেসরকারি খাত থেকেও অন্তত দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক সমিতির আহ্বায়ক মাহবুব উল্লাহ।
সমিতির সদস্যসচিব হেলাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক সমিতিকে আমরা দেশের অর্থনৈতিক বিতর্ক ও বিকল্প ভাবনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এখানে নির্দিষ্ট কোনো পক্ষ থাকবে না, থাকবে যুক্তির অবাধ চর্চা।