রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ
জাতীয় নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির বাস্তবায়ন, রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে দেশজুড়ে প্রস্তুতি নিয়েছে দলটি। শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যান মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ মানুষ সমাবেশস্থলে যোগ দেবেন বলে আমরা আশা করছি।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘এই মহাসমাবেশ হবে আগামীর রাজনীতির মোড় ঘোরানো এক বার্তা। আমরা বিশ্বাস করি, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদের দাওয়াত করা হয়েছে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।