রাজবাড়ীতে বাস পোড়ানোর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন হিসেবে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম মুক্তার হোসেন মোল্লা (৩২)। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মুক্তার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার আরজান মোল্লার ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গত ২০ সেপ্টেম্বর রবিবার রাত সোয়া ১টার দিকে নিউ ক্লাসিক্যাল নামের ওই লোকাল বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাসটির অনেকাংশ পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বাসটির মালিক এস এম সুলতান আহমদ বাদী হয়ে রবিবার বিকালে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দলের কার্যক্রমকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করা হতে পারে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, মুক্তার হোসেনকে বাস পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের পর সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মুক্তার গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

All Categories