পতাকা বৈঠকে ২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক হওয়া দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।
৬১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ধবলসুতি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোক্তার হোসেন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকেরা হলেন পাটগ্রাম উপজেলার রহমতপুর হাটিয়ারভিটা গ্রামের মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়ার মহাস্থানগড় এলাকার সাজেদুল ইসলাম (২২)। সম্পর্কে তাঁরা মামা–ভাগ্নে। ইমন চলতি বছর এসএসসি পরীক্ষার্থী।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ওই দুই যুবক গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় ৮২৫ নম্বর মেইন বর্ডার পিলারের সাব-পিলার ১–এস-এর কাছে ভারতের একটি চা বাগানে প্রবেশ করেন। সেখানে তাঁরা মোবাইল ফোনে টিকটক ভিডিও করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধবলসুতি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত হলে বিজিবির রংপুর সেক্টর ও বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়। এরপর রাত সাড়ে ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি যুবককে ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসার পর সাজেদুল ইসলাম বলেন, ‘আমরা বুঝতে পারিনি যে সেটা ভারতের ভিতরে পড়েছে। শুধু কয়েকটি ছবি ও ভিডিও করছিলাম। এ সময় বিএসএফ আমাদের ধরে ফেলে।’
বিজিবি কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশি যুবককে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দিই।