পৃথিবীর পরিবর্তে চাঁদে আঘাত হানতে পারে ‘২০২৪ ওয়াইআর৪’ গ্রহাণু

গত মাসের শেষ দিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছিল, পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি বিশাল গ্রহাণু। প্রায় ২০০ ফুট চওড়া এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা নিয়ে আলোচনা সৃষ্টি করেছিল। বিশেষজ্ঞদের মতে, যদি এই গ্রহাণুটি পৃথিবীর কোনো ঘনবসতিপূর্ণ অঞ্চলে আঘাত হানে, তবে বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে নাসার বিজ্ঞানীরা সম্প্রতি জানিয়েছেন, পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুটির সংঘর্ষের সম্ভাবনা এখন অত্যন্ত কম।

নাসার গ্রহ প্রতিরক্ষা দলের বিজ্ঞানীরা গ্রহাণুটির গতিপথ পর্যালোচনা করে জানিয়েছেন, আগে যেখানে পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ছিল ৩ শতাংশ, সেখানে এখন তা মাত্র ০.২৮ শতাংশ। যদিও পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি কমেছে, চাঁদের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা কিছুটা বেড়েছে। আগে যেখানে এটি শূন্য মাত্রায় ছিল, এখন তা প্রায় ১ শতাংশ।

গ্রহাণুটির আকার বড় হওয়ায়, পৃথিবীতে আঘাত হানলে মারাত্মক ক্ষতি হতে পারে, তাই বিজ্ঞানীরা এর গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছেন। ২০২৪ সালে নাসার সেন্টার ফর নেয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের বিজ্ঞানীরা বলেছিলেন, পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ছিল ২.৬ শতাংশ, তবে বর্তমানে তা কমে ১.২ শতাংশে দাঁড়িয়েছে।

যদিও ২০৩২ সালে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার কোনো বড় ঝুঁকি নেই, নাসার অনুমান অনুযায়ী, সেই বছরের ডিসেম্বর মাসে এটি পৃথিবী থেকে ৬৬ হাজার মাইলের মধ্যে চলে আসবে। এজন্য গ্রহাণুটিকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে এবং বিজ্ঞানীরা এর গতিপথ পর্যবেক্ষণ করে চলেছেন।

গ্রহাণুটি ২০২৮ সালের আগে আর দেখা যাবে না, তবে তার গতিপথের উপর নজর রাখা অব্যাহত থাকবে।

All Categories