জাপানের চমকপ্রদ প্রযুক্তি: এবার ওয়াশিং মেশিনই পরিষ্কার করবে মানুষ

প্রযুক্তির দুনিয়ায় আবারো তাক লাগাল জাপান। ওসাকা এক্সপো ২০২৫-এ প্রদর্শিত হয়েছে আধুনিক এক গোসল পড বা মানব ধোয়ার যন্ত্র, যা মাত্র ১৫ মিনিটে শরীরকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলতে সক্ষম। কোনো হাত-পায়ের ঝামেলা ছাড়াই ভবিষ্যতের গোসল অভিজ্ঞতার এক ঝলক দেখাচ্ছে এই প্রযুক্তি।

যন্ত্রটি তৈরি করেছে ওসাকার শাওয়ারহেড নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্স কোং। উল্লেখ্য, ১৯৭০ সালে ওসাকার প্রথম এক্সপোতে এমন একটি ধারণা প্রথম উপস্থাপন করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই ভাবনাকে এবার নতুন রূপে ফিরিয়ে এনেছে জাপানিরা।

কীভাবে কাজ করে এই যন্ত্র?

এই গোসল মেশিনটি দেখতে অনেকটা স্বচ্ছ ক্যাপসুলের মতো। ভেতরে প্রবেশ করার পর ব্যবহারকারীকে ১৫ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গোসল করিয়ে দেয় এটি। মেশিনের নিচ দিয়ে ঘুরতে থাকে গরম পানি, আর উপরের অংশ থেকে ছিটানো হয় হালকা কুয়াশা। উন্নত সেন্সর ও এআই প্রযুক্তি ব্যবহারকারীর হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা অনুযায়ী গোসলের ধাপ নির্ধারণ করে। বিশেষ মাইক্রো বুদবুদ ত্বকের ময়লা পরিষ্কার করে।

শুধু গোসল নয়, বিনোদনও

গোসলের সময় ব্যবহারকারী শুনতে পারবেন সুমধুর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সঙ্গে থাকছে ভিজ্যুয়াল ডিসপ্লে। গোসল শেষে শরীর স্বয়ংক্রিয়ভাবে শুকনো হয়ে যাবে, তোয়ালের প্রয়োজন হবে না।

কারা ব্যবহার করতে পারবে?

বর্তমানে এই যন্ত্রটি শুধুমাত্র ওসাকা এক্সপো ২০২৫-এ প্রদর্শিত হচ্ছে। প্রায় এক হাজার মানুষ সেখানে সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন। ভবিষ্যতে গৃহস্থালি সংস্করণ বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বিশেষত বয়স্ক মানুষ, ব্যস্ত কর্মজীবী এবং মানসিক চাপ কমাতে চান—তাদের জন্য এটি উপযোগী হতে পারে।

তবে এখনো মূল্য নির্ধারণ করা হয়নি। অনেকের প্রশ্ন, প্রতিদিনের ১০ মিনিটের গোসলের জন্য এত বড় মেশিন কতটা প্রয়োজনীয়। খরচ ও ব্যবহারযোগ্যতা নিয়ে সংশয় থাকলেও, জাপানে প্রযুক্তি ও কৌতূহলের মিশেল সবসময় আলোচনায় থাকে। ফলে মানব ধোয়ার এই যন্ত্র ভবিষ্যতে ঘরোয়া জীবনের অংশ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

All Categories