পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বসে দুই দেশের প্রতিনিধি দল।
বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
বৈঠকের আগে সকাল সাড়ে আটটায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠকের আগে তৌহিদ হোসেন ও ইসহাক দারের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
গত শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ বিমানে ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের এই ধারাবাহিক সফর তাৎপর্যপূর্ণ। এর আগে গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত বুধবার এসেছিলেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
ঢাকায় পৌঁছানোর প্রথম দিনেই পাকিস্তান হাইকমিশনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। পরে বিএনপি, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি।
কূটনৈতিক মহল মনে করছে, পাকিস্তানের উচ্চপর্যায়ের নেতাদের এভাবে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। স্বাধীনতার পর থেকে এ ধরনের সুযোগ আগে তৈরি হয়নি বলেও তারা উল্লেখ করছেন।