Apr 27, 2025
পরিকল্পনার অভাবে হকিতে বাংলাদেশের হতাশাজনক পরাজয়

পরিকল্পনার অভাবে হকিতে বাংলাদেশের হতাশাজনক পরাজয়

১৯৮২ সাল থেকে এশিয়া কাপ হকিতে নিয়মিত খেলছিল বাংলাদেশ। কিন্তু এবারের এএইচএফ কাপ হকির সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে পরাজিত হয়ে সেই ধারায় ছেদ পড়ল। শুক্রবার (২৬ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় হারের মধ্য দিয়ে ৪৩ বছর পর এশিয়ার মঞ্চে দেখা যাবে না বাংলাদেশের হকি দলকে।

এই ব্যর্থতার পর দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। হকি সংশ্লিষ্ট অনেকের অভিযোগ, এএইচএফ কাপের জন্য যথাযথ পরিকল্পনা ছিল না বাংলাদেশ হকি ফেডারেশনের। অনেকে বলছেন, যখন ওমান গত কয়েক বছরে অন্তত ১৫ ধাপ এগিয়েছে, তখন বাংলাদেশ পিছিয়েছে।

ওমানের বিপক্ষে অতীতে বাংলাদেশের সাফল্য ছিল উল্লেখযোগ্য। তবে এবারের টুর্নামেন্টে ওমানের গতিময় ও দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের সামনে অসহায় মনে হয়েছে বাংলাদেশের হকি দলকে। পারফরম্যান্সের এই ফারাকের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক জাতীয় দলের খেলোয়াড় বলেন, "বাংলাদেশ এশিয়া কাপ খেলবে না, এটা কেউ মেনে নিতে পারছে না। ওমান অনেক এগিয়ে গেছে। ওদের হকির প্রেসিডেন্টই দেশের রাজার ছেলে। সাতটি প্রিমিয়ার ক্লাবের নিজস্ব টার্ফ রয়েছে। প্রতিটি শহরে আলাদা টার্ফ আছে। তারা হকিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। মনে রাখবেন, আগামী দিনে ওমানই বিশ্বকাপ আয়োজন করবে।

বাংলাদেশের চিত্র পুরোপুরি ভিন্ন। দেশের ক্লাব পর্যায়ে কোনো টার্ফ নেই। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ছাড়া বিকেএসপি (সাভার ও দিনাজপুর), বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি টার্ফই হকির ভরসা। তবে ওই খেলোয়াড় মনে করেন, সমস্যা শুধু অবকাঠামোয় নয়, বরং পরিকল্পনায়, ১৯৯৬ সালের আগে বিকেএসপিতে একটি মাত্র টার্ফ ছিল, তবুও বাংলাদেশ ভালো খেলত। মাঠ নয়, সমস্যা পরিকল্পনায়। আমরা সেখানেই পিছিয়ে গেছি।

এই ব্যর্থতার আরেকটি বড় বিতর্কের বিষয় হলো অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে দল থেকে বাদ দেওয়া। এএইচএফ কাপের আগে ফিটনেস টেস্টের জন্য ৫০ জনের বেশি খেলোয়াড় ডাকা হলেও জিমিকে রাখা হয়নি। বিষয়টি নিয়ে সমালোচনা হলেও হকি ফেডারেশন তা আমলে নেয়নি।

টুর্নামেন্টে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দেশের হকি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। বিশ্লেষকদের মতে, সামনে ঘুরে দাঁড়াতে হলে পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ হকি ফেডারেশনকে।

All Categories