প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১১ আগস্ট) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সফরের মূল ফোকাস থাকবে অভিবাসন ও বিনিয়োগ। এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীরতর হবে। সফরের মূল বিষয় অভিবাসন এবং দ্বিতীয়ত বিনিয়োগ। মালয়েশিয়া আমাদের জন্য জনশক্তির একটি গুরুত্বপূর্ণ দেশ। আমরা চাই মালয়েশিয়া আমাদের থেকে সর্বোচ্চ সংখ্যক কর্মী নিক।”

তিনি আরও জানান, মালয়েশিয়ার বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে আলোচনা হবে। ১২ আগস্ট একটি বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টা আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে সফরে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

সফরের প্রথম দিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল গার্ড অব অনারের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন। ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।

সমঝোতা স্মারকের মধ্যে থাকবে প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মিমোসের (এমআইএমওএস) মধ্যে সম্পর্ক, এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা।

এছাড়া হালাল ইকোসিস্টেম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতের সহযোগিতার বিষয়েও এক্সচেঞ্জ নোট সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

All Categories