প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স ডিগ্রি নেন।
১৯৮৫ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা শুরু করেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী হয়।
এরপর ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি এ পদে শপথ গ্রহণ করেন।