পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় থাকা দুই অটোরিকশাচালককে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেল বেপরোয়া ট্রাক, দুজনেরই মৃত্যু
রাজধানীর পোস্তগোলায় সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুই অটোরিকশাচালককে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০) নামের দুই চালক মারা গেছেন। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেপরোয়া গতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় জানান, গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ভোর ৪টা ২৫ মিনিটে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর জাকিরও মারা যান।
জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়, বাবার নাম জিন্নাত আলী। তিনি কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় থাকতেন। জাহাঙ্গীরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়, বাবার নাম শাহআলম পোদ্দার। তিনি থাকতেন নামা শ্যামপুর এলাকায়।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।