প্লট বরাদ্দে দুর্নীতি: রেহানা, টিউলিপদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক, অপর মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)-এর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় বলে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম।

এর আগে, একই অভিযোগে দায়ের হওয়া অপর তিন মামলায় ১১ আগস্ট শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মোট ছয়টি মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী, সচিব, রাজউক কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবসহ মোট ২৩ জন অভিযুক্ত।

দুদকের অভিযোগ— রাজউকের বিধান অনুযায়ী ঢাকায় প্লট-গাড়ি-বাড়ি না থাকলেই কেবল প্লট বরাদ্দের জন্য আবেদন করা যায়। কিন্তু শেখ হাসিনার পরিবার মিথ্যা হলফনামা দিয়ে জানিয়েছিল, তাঁদের কোনো সম্পত্তি নেই; অথচ তদন্তে প্রমাণ মিলেছে, প্রত্যেকের নামে বাড়ি-জমি-গাড়ি রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট নেওয়া হয়, যা অপরাধজনক বিশ্বাসভঙ্গসহ গুরুতর অপরাধ এবং যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

দুদক ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং ২০২৫ সালের ১০ মার্চ ছয় মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়।

 

All Categories