পেহেলগামে হামলার ঘটনায় ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ভারত সরকার এই হামলায় পাকিস্তানের পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ করেছে।
এরই জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত থেকে ভারতের কোনো টিভি চ্যানেল বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না পিএসএলের ম্যাচ।
এবারের পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখানো হয়নি কোনো চ্যানেলেই।
ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোড পিএসএলের পুরোনো ভিডিওগুলোও সরিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও ২০২৫ পিএসএল সংক্রান্ত সব তথ্য সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী মুছে ফেলেছে।
এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় আমরা গভীরভাবে মর্মাহত ও বিব্রত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ আমরা আর সম্প্রচার করব না।
তবে পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড ভারতের আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কাশ্মীর হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে উঠেছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপড়েনের কারণে আগেও একাধিকবার ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো পিএসএল সম্প্রচার বন্ধের ঘটনা।