পদত্যাগ করছেন না ড. ইউনূস

 প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন না ড. মুহাম্মদ ইউনূস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৩ মে)   সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাঁর নেতৃত্ব অপরিহার্য।”

তিনি আরও উল্লেখ করেন, “সরকারকে আরও ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে, যাতে জনগণ বুঝতে পারে—এই সরকার সফলভাবে দায়িত্ব পালন করছে।”

ফয়েজ আহমদ তৈয়্যব সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত ও নিবিড় সংলাপের আহ্বান জানান। তিনি বলেন, “কোনো বিচ্ছিন্নতা কাম্য নয়। রাজনৈতিক মতবিনিময় এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়াই গণতন্ত্রের মূল শক্তি।”

সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্ট্যাটাসে বলা হয়, “আজকের সভ্য দুনিয়ায় কোনো সেনাবাহিনী রাজনীতিতে নাক গলায় না। তাই নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য জুরিশডিকশনাল কারেক্টনেস অতিক্রম করেছে।” তবে তিনি সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান ও আস্থায় রাখার পরামর্শ দিয়েছেন।

স্ট্যাটাসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না।” দেশের জনগণের আস্থার জায়গা যেন ভাঙা না হয়, সেই আহ্বানও জানান তিনি।

ফয়েজ আহমদ আশাবাদ ব্যক্ত করেন, এপ্রিল-মে’র মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে। পাশাপাশি তিনি বলেন, “আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায় আলোর মুখ দেখবে বলে আশা করি।”

All Categories