পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
বাংলাদেশের আকাশে আজ (রোববার, ২৪ আগস্ট) ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (২৫ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যায় দেশের কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি।
এ কারণে সোমবার (২৫ আগস্ট) সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাস শুরু হবে।
এই হিসেবে আগামী ১২ রবিউল আউয়াল, অর্থাৎ ৬ সেপ্টেম্বর (শনিবার), দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিনটি সরকারি ছুটির দিন।
৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর ইসলাম প্রচারের পর ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ওফাত বরণ করেন। তাই ১২ রবিউল আউয়াল দিনটি মহানবী (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করা হয়।