May 20, 2025
পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সব ম্যাচই হবে লাহোরে—টুইটারে এক ঘোষণায় এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। পরে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই বোর্ড সম্মত হয় পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে। তবে শেষ পর্যন্ত সিরিজটি গড়িয়েছে তিন ম্যাচেই।

সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভারত–পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে। পিএসএল স্থগিত হয়ে পুনরায় শুরু হওয়ার সময়সূচি বাংলাদেশ সিরিজের সম্ভাব্য সময়ের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে।

অবশেষে দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকে বিষয়টির সুরাহা হয়। আলোচনায় ছিলেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আলোচনার সফল পরিসমাপ্তিতে দুই বোর্ড নিশ্চিত করেছে—বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে এবং তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরে, যথাক্রমে ২৭ মে, ২৯ মে ও ১ জুন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

All Categories