পাকিস্তান হয়ে তেহরান থেকে দেশে ফিরবেন বাংলাদেশিরা

তেহরান থেকে দেশে ফিরতে ইচ্ছুকদের বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। 

বুধবার (১৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাসূত্রে জানা গেছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির মধ্যে ১০০ জনের মতো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

এদের মধ্যে ৫০ জনের মতো তেহরান থেকে বেশ কিছুটা দূরে, নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন। এছাড়া ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনও নিরাপদ স্থানে সরে গেছেন।

জানা গেছে, তেহরান থেকে ফিরতে ইচ্ছুকদের প্রথমে স্থলপথে ইরান–পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে। তারপর পাকিস্তান থেকে আকাশপথে তাদের বাংলাদেশে ফেরানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে এখন ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৪০০ জন অবস্থান করছিলেন রাজধানী তেহরানে। ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কেউ এখন পর্যন্ত হতাহত হননি।

 

 

All Categories