‘অনেক বউ ছেড়ে গেছে, অর্পিতা এখনো আছে’: স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় অকপট প্রসেনজিৎ

‘অনেক বউ ছেড়ে গেছে, অর্পিতা এখনো আছে’: স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় অকপট প্রসেনজিৎ

বিয়ে আর বিচ্ছেদ নিয়ে বারবার আলোচনায় আসা টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে মজার ছলে এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন। সম্প্রতি এক আড্ডায় তিনি জানান, তার মতো মানুষের সঙ্গে এত বছর সংসার টিকিয়ে রাখার জন্য স্ত্রীর প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

প্রসেনজিৎ বলেন, “অর্পিতাকে আমি একটা জায়গায় খুব সম্মান করি। ও সবকিছু সহ্য করে এতদিন আমার পাশে থেকে গেছে। অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি। আমি ওকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আর ও খুব ভালো অভিনেত্রীও।”

অভিনেতা স্বীকার করেন, তার ব্যস্ত ও জটিল জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলা কারও পক্ষেই সহজ ছিল না। অতীতের সম্পর্কের টানাপোড়েনের কথাও তিনি এ সময় স্মরণ করেন।

তিন দশকের বেশি সময় ধরে টালিউডে দাপট দেখানো এই অভিনেতাকে ভক্তরা ভালোবেসে ‘ইন্ডাস্ট্রি’ নামে ডাকেন। পর্দার বাইরে তার ব্যক্তিজীবনও বহুবার শিরোনাম হয়েছে।

১৯৯২ সালে ছোটবেলার বন্ধু, অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ, তবে তিন বছরের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয় বিয়েও টেকেনি। সেই সংসারে প্রেরণা নামে তার এক মেয়ে আছেন, যিনি পেশায় আইনজীবী এবং বিদেশে থাকেন।

২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাদের একমাত্র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (মিশুক)। নানা সময়ে এই দম্পতিকে নিয়ে গুঞ্জন ছড়ালেও দুই যুগ ধরে একসঙ্গেই আছেন তারা। অভিনেতার এমন রসিকতাভরা স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

All Categories