ঐকমত্যে পৌঁছাতে হলে সবাইকে ছাড় দিতে হবে: আলী রীয়াজ
ঐকমত্য গঠনের প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ এবং প্রয়োজনীয় ছাড় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক আলী রীয়াজ। তিনি বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সূচনায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন আলী রীয়াজ।
তিনি বলেন, আমরা চাই একটি কার্যকর রাজনৈতিক ঐকমত্য তৈরি হোক। তবে মৌলিক বিষয়ে সকলের মধ্যে একমত হওয়া জরুরি। আমাদের লক্ষ্য হবে ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করা। কিন্তু শুধু এই টেবিলে বসে আলোচনা করলেই চলবে না। নিজেদের মধ্যে এবং নিজেদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও সমান্তরালভাবে আলোচনা চালিয়ে যেতে হবে।
বৈঠকে অংশ নিয়ে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের আছে, থাকবে। তবে সেই মতপার্থক্যের মধ্যেও ন্যূনতম একটি ঐকমত্য থাকতে হবে, যাতে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে পারি।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো, আগামীতে যেন আর কোনোভাবে স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে। কেউ যেন সংবিধান ইচ্ছেমতো পরিবর্তন করতে না পারে এটি নিশ্চিত করতে হবে। এজন্য আমরা গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করে যাব। সংস্কারের যৌক্তিক প্রস্তাবগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেটিই আমাদের প্রত্যাশা। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেন বিলম্বিত না হয়।