ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের ব্যর্থতা হলে তা হবে আমাদের সবার ব্যর্থতা। তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় আমরা রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টার অংশীদার হয়েছি, আলাদা কোনো সত্তা হিসেবে নয়।’

আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

বক্তব্যে আলী রীয়াজ বলেন, যে দায়-দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, সেটি রাজনৈতিক দলের হিসেবেই আপনাদের ওপর বর্তেছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশীদার মাত্র। ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

তিনি রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দেন, এক বছর আগের পরিস্থিতি কী ছিল, ভুলে গেলে চলবে না। দেশের মানুষ, আপনাদের কর্মীরা জীবন বাজি রেখে যে লড়াই করেছেন, সেটির ফসল এই প্রক্রিয়া। আমাদের দায়িত্ব হচ্ছে, সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা।

সংলাপ নিয়ে আলী রীয়াজ বলেন, সময়ের স্বল্পতার কারণে আলোচনা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। কিন্তু এই সপ্তাহের পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে, যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নিষ্পত্তিহীন যেসব বিষয় আছে, সেগুলো চিহ্নিত আপনারা জানেন।

তিনি বলেন, আমাদের সবাই মিলে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছাতে হবে। মৌলিক বিষয়গুলোতে সবাই বা অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা যেন এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টা করতে হবে।

আলী রীয়াজ বলেন, আমাদের সফলতা নির্ভর করছে এই প্রশ্নের ওপর—আমরা কি কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি? কিছু বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া গেছে, কিছু বিষয়ে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে, আর কিছু এখনো নিষ্পত্তিহীন রয়ে গেছে।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকে যেন নিজের দায় ও দায়িত্ব অনুভব করেন।

আলী রীয়াজ বলেন, আমরা যেন স্মরণ করি, কীভাবে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। এই প্রক্রিয়ায় মানুষের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণে আমরা কী ভূমিকা রাখছি, সেটি বিবেচনায় নিতে হবে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।

আজকের সংলাপে আলোচ্যসূচিতে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, সংবিধান সংশোধন এবং সংসদের নারী আসন সংক্রান্ত বিষয়গুলো।

All Categories