নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স, গত বছরের চেয়ে বেড়েছে ৫৮ শতাংশ

চলতি নভেম্বরের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫২১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই তিন দিনে এসেছিল ৩৩০ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৫৮ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বুধবার (৪ নভেম্বর) এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, শুধু ৩ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১৬১ মিলিয়ন ডলার।

এর আগে সদ্য শেষ হওয়া অক্টোবরে দেশে রেমিট্যান্স আসে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার। আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছিল।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত সব মিলিয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৯৮৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে অর্থবছরের এ পর্যন্ত সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

All Categories