নুরুল হুদাকে ধরার সময় যে মব জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আটকের সময় যেভাবে ‘মব জাস্টিস’ বা গণদণ্ডের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি প্রমাণ হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ঘটনাটির সঙ্গে জড়িত ছিলেন, তাহলে অবশ্যই তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গতকাল যেসব সংবাদমাধ্যমে বলা হয়েছিল সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়েছেন—তা সঠিক নয়। তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তবে উত্তরা থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে আটক করা হয়েছে।
এ সময় কৃষি জমি দখল রোধে ‘কৃষি জমি সুরক্ষা আইন’ তৈরির বিষয়েও জানান উপদেষ্টা। তিনি বলেন, “বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যাতে দেশীয় প্রজাতিগুলো হারিয়ে না যায়।
পরিদর্শনের সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের প্রধান এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খানসহ কৃষি মন্ত্রণালয় ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।