নতুন ভোটার ৬৩ লাখ, বাদ গেল ২৩ লাখ মৃত ভোটার
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছেন ৬৩ লাখের বেশি নাগরিক। একই সঙ্গে মৃত ঘোষণা করে বাদ দেওয়া হয়েছে ২৩ লাখের বেশি ভোটার।
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৯৪ জন। এঁদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জনের।
এদিকে মারা যাওয়ায় ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ৩২৬ জন।
সর্বশেষ হালনাগাদের পর দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। নির্বাচন কমিশন জানিয়েছে, হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী জুন মাসে।