নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ড. ইউনূস : আখতার হোসেন

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। এতে বলা হয়েছে, আগামী নির্বাচনের পর সংস্কারকৃত সংবিধানের তফসিলে ঘোষণাপত্রটি যুক্ত করা হবে। কিন্তু কীভাবে সংস্কার কার্যকর হবে তা স্পষ্ট নয়। কমিশন এখনো চূড়ান্ত খসড়া দেয়নি। এ অবস্থায় ইউনূস ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার করে নতুন সংবিধানের দাবিকে আড়াল করতে চাইছেন।

তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধান বহুবার কাটাছেঁড়া হয়েছে, সংশোধনী যোগ হয়েছে, আবার হাইকোর্টে গিয়ে তা বাতিলও হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও টেকসই সমাধানের জন্য নতুন সংবিধান ছাড়া কোনো বিকল্প নেই।

এনসিপির প্রস্তাব অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য হয়ে নতুন সংবিধান প্রণয়ন ও সরকার পরিচালনা করবেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময়সীমা উল্লেখ করলেও এনসিপির আপত্তি নেই। তবে শর্ত একটাই—আগামী নির্বাচন যেন পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার না হয়ে নতুন ব্যবস্থার ভিত্তিতে আয়োজন করা হয়।

All Categories