‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল
অন্তর্বর্তী সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।
এর আগে, গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরিপত্র জারি করে দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত করে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে।
তবে এ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও শিক্ষার্থীদের একাংশ দিবসটি ‘আকস্মিক’ এবং ‘রাজনৈতিকভাবে বিভাজনমূলক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানায়।
অবশেষে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে সেই দাবি প্রতিফলিত হলো। এখন ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে বলে জানিয়েছে সরকার।