নিয়োগপত্র ছাড়াই দায়িত্বে সালাউদ্দিন

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব পালন করলেও এখনো তাঁর নিয়োগ চূড়ান্ত হয়নি। বিসিবির অভ্যন্তরীণ নানা টানাপোড়েনে পিছিয়ে যাচ্ছে এ প্রক্রিয়া। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নীতিগতভাবে সালাউদ্দিনের নিয়োগ চূড়ান্ত হলেও চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি এখনো।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগে নিজ হাতে কাজ করতে আগ্রহ দেখান নাজমুল আবেদীন ফাহিম। সে অনুযায়ী দীর্ঘ মেয়াদে প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করেন তিনি। একইভাবে সালাউদ্দিনের নিয়োগও হওয়ার কথা ছিল, তবে সেটি এখনো বাস্তবায়ন হয়নি।

বিসিবির একজন কর্মকর্তা জানান, সালাউদ্দিনকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের বাইরে থাকায় নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি।

টেস্ট সিরিজ শুরুর আগে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও চুক্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। নাজমুল আবেদীনও মন্তব্য করতে রাজি হননি।

বোর্ডের ভেতরে অবশ্য বিষয়টি নিয়ে মতবিরোধের ইঙ্গিত মিলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সালাউদ্দিন বিসিবি সভাপতির পছন্দের প্রার্থী হওয়ায় ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নিয়োগপত্র অনুমোদনের সুপারিশ করছেন না।

এমন অভিযোগের সত্যতা যাচাই সম্ভব হয়নি, কারণ ফাহিম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে অন্য একটি সূত্র জানায়, বিসিবি সভাপতি আইসিসির সভায় বিদেশে থাকায় এবং ক্যাম্প শুরু হয়ে যাওয়ায় নিয়োগের আনুষ্ঠানিকতা পিছিয়েছে। এ সপ্তাহেই চুক্তি হতে পারে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারণ কোচ নিয়োগে সুপারিশ আসে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে, আর অনুমোদন দেয় বোর্ড পরিচালনা পর্ষদ। প্রশাসনিক বিভাগ কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

এদিকে সালাউদ্দিনের মতো দেশি কোচের নিয়োগে ধীরগতি থাকলেও পেস বোলিং কোচে পরিবর্তন আসতে পারে দ্রুতই। আন্দ্রে অ্যাডামসের জায়গায় শন টেইটকে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। বর্তমানে পিএসএলের দল করাচি কিংসে কাজ করছেন টেইট। টুর্নামেন্ট শেষে তিনি জাতীয় দলের পাকিস্তান সফরে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

All Categories