নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার রাজধানীতে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কমিটির দিকনির্দেশনামূলক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,নির্বাচনের সময় প্রার্থীরা অনেক সময় পছন্দের এসপি, ডিসি কিংবা ওসি রাখতে চান। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি—এসপি ও ওসিদের লটারি করে বদলি করা হবে। গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করা হবে, যাতে প্রক্রিয়াটি স্বচ্ছ হয়।
উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচন ঘিরে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এদের মধ্যে অনেককে নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ দেওয়া হবে।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন, তা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে দিকনির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করছি। আজকের সভায় নির্বাচনের আগে যেসব লজিস্টিক সহায়তা দরকার, তা নিয়েই আলোচনা হয়েছে।