নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও এ বিষয়ে একটি বৈঠক হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের মিটিং। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। মাঠে থাকবে ৬০ হাজার সেনা সদস্য। পাশাপাশি সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন মিথ্যা তথ্য (মিসইনফরমেশন) ছড়ানো হচ্ছে। সামনে এটি আরও বাড়বে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে দ্রুততার সঙ্গে এসব বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করা হবে।

বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রধান উপদেষ্টা বৈঠকে মন্তব্য করেন, পুলিশের অনেক ভালো কাজ সামনে আসছে না।

নির্বাচনের তারিখ ৫ আগস্ট ঘোষণা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে নির্বাচনের সম্ভাব্য হটস্পট চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে।

All Categories