নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কানাডার সহায়তা চায় ইসি: সিইসি
আসন্ন জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে কানাডার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাতে এ সহায়তা চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, নির্বাচনে এআই অপব্যবহার এখন বড় চ্যালেঞ্জ। কীভাবে এটা মোকাবিলা করা যায়, তা জানতে কানাডার সহায়তা চেয়েছি। কারণ, ওদের সম্প্রতি নির্বাচন হয়েছে। তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, যেসব বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য’ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, এবার তাঁদের অনুমোদন দেওয়া হবে না।
তিনি বলেন, তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, তাদের কোনোভাবেই নেব না। অভিজ্ঞ, নির্ভরযোগ্য এবং যাঁরা অন্য দেশেও নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, কেবল তাঁদেরই আমন্ত্রণ জানানো হবে।
সিইসি জানান, সারা দেশে বড় পরিসরে ভোটার সচেতনতা ও শিক্ষা কার্যক্রম হাতে নিচ্ছে নির্বাচন কমিশন। এতে কানাডাও সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে।
এ ছাড়া প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
নারী ভোটারদের অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলে ভোটার সচেতনতা কার্যক্রম নিয়েও আগ্রহ দেখিয়েছে কানাডার প্রতিনিধি দল।
নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সম্ভাব্য সময় জানতে চেয়েছেন কি না—এমন প্রশ্নে সিইসি বলেন, উনি (হাইকমিশনার) জানতে চেয়েছেন, কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে কি না। আমি বলেছি, না। সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। যেদিন ভোট হবে, তার দুই মাস আগে আমরা তা জানিয়ে দেব।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের ২৮টি দেশের প্রতিনিধি সমন্বিতভাবে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা আগেভাগেই প্রস্তুতি নিতে বলেছি।