নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন প্রধান দায়িত্ব: প্রধান উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এখন শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়। এই পর্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করা।
বৈঠকে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।
বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধবিমান দুর্ঘটনায় সাহসিকতার জন্য শিক্ষক মেহেরিন চৌধুরীকে সম্মানিত করার বিষয়ে।
প্রেস সচিব জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে যিনি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, সেই শিক্ষক মেহেরিন চৌধুরীর সাহসিকতার স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর নামে একটি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।