ময়মনসিংহে বাসের চাপায় সাতজন নিহত

ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা সাতজনের মৃত্যু হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের বাস ও মুক্তাগাছা থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাতজন মারা যায়। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

All Categories